প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এ সময় শান্তিরক্ষা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় মাহ্দী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। একই সাথে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই এবং ন্যায্য প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বহুপাক্ষিক পরিসরে নির্বাচিত সরকারের গঠনমূলক নেতৃত্বের প্রতি আলোকপাত করেন এবং দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এছাড়া, উভয় পক্ষ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন এবং বৈশ্বিক ও জাতীয় অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতের সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান লুইস বারবারও উপস্থিত ছিলেন।