ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

author
পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৭
ad003
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় এবং সংশ্লিষ্ট উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সর্বোত্তম উপায় হলো বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা।”

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহীদ হৃদয় তরুয়ারের বাবার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শহীদ হৃদয় তরুয়ারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT