জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কেএমপির পক্ষ থেকে জানানো হয়, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তি, ন্যায়, মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশ ও জাতির প্রতি কেএমপি অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতা, ন্যায়, অধিকার ও গণমানুষের ন্যায্য আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আত্মদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও উল্লেখ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্-ভারপ্রাপ্ত) এম. এম. শাকিলুজ্জামানসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেএমপির এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয় এবং তাঁদের আদর্শ ধারণ করে জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।