‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ দিবসটি পালন উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভূঁইয়া, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা বিএনপির সদস্য ও শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, উপজেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সাংবাদিক শাহজাহান বিশ্বাস এবং জুলাই যোদ্ধা হাসান আলী, এস এম আমিনুল ইসলাম, মো. নাহিদ ইসলাম ও কামরুল আহসানসহ প্রমুখ।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বান জানানো হয়। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিকামী চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।