ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদীর পাড় ধসে এক শিশু নিখোঁজ, ১জন উদ্ধার

author
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৮:০৩
ad003
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৭) পদ্মা নদীর ভাঙন দেখতে গিয়ে পাড় ধসে ২দিন ধরে নিখোঁজ রয়েছে । অপর শিশু ইজাজুল মণ্ডলের মেয়ে জামিলা খাতুন (৮) কে উদ্ধার করেছে। 

বুধবার (৫ আগস্ট) বিকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার এই রির্পোট লেখা পর্ষন্ত নিখোঁজ নূরিয়া খাতুনকে উদ্ধার করতে পারেনি।

এলাকাবাসী মামুন আল ফারুক  সূত্রে জানা গেছে, দৌলতপুরের ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু পদ্মায় পড়ে যায়। জামিলা নিজেই কোনোমতে নদী থেকে ওপরে উঠে আসতে সক্ষম হলেও নূরিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।

পরে জামিলা কান্নাকাটি করতে করতে স্থানীয়দের ঘটনাটি জানায়। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত নূরিয়ার কোনো সন্ধান মেলেনি।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। পদ্মায় তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নূরিয়া খাতুন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশের পাশাপাশি ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তবুও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT