ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় পুলিশ-জনতার আস্থা বাড়াতে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

author
কয়রা প্রতিনিধি

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ সকাল ৬:১২
ad003
খুলনার কয়রায় জননিরাপত্তা জোরদার, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কয়রা থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কয়রা থানা মসজিদের ইমাম মুফতি মফিজুল ইসলাম আল-আমিন। পরে পবিত্র গীতা পাঠ করেন এসআই (নিঃ) তপন কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই (নিঃ) মো. সোহাইল। স্বাগত বক্তব্যে তিনি উপস্থিত অতিথি ও সুধীজনকে শুভেচ্ছা জানিয়ে পুলিশ-জনতার পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার গুরুত্ব তুলে ধরেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, গ্রাম পুলিশ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণে সফলতা অর্জন সম্ভব নয়। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর অপরাধ ও গুজব মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় পর্বে উপস্থিত সুধীজন এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক বিষয়গুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে পুলিশ ও স্থানীয় সুধীজন আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT