নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারে ৩ জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে ভর্তি দেওয়া হয়। ভোরের দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধ তিনজনের নাম মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮) বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ এলাকা গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ ৩ জন এসেছে। তাদের মধ্যে মাইদুলের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে ,বিউটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে ও মারুফের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।