নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৭ আগস্ট) সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন লেংগুড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে লেংগুড়া বিওপির পাঁচ সদস্যের একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সীমান্ত পিলার ১১৭১ এমপি থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৫ নম্বর লেংগুড়া ইউনিয়নের গুদারঘাট এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা চোরাকারবারিকে পাওয়া যায়নি।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় বিয়ারগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও জব্দ করা পণ্যের উৎস ও সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।