গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় ডাকাতদল। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে ওই ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তা আব্দুস সামাদ মোল্লা বলেন,' বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ ঘরের বাইরে থেকে বিকট শব্দে আমরা জেগে উঠি। মুহূর্তেই ঘরের দরজা ঢেঁকি দিয়ে ভেঙে ফেলে মুখোশ পরিহিত একটি ডাকাতদল। ওদের মধ্যে চার ডাকাত ঘরে প্রবেশ করে এবং বেশ কয়েকজন ঘরের বাইরে অবস্থান করছিল। ডাকাতরা তাদের হাতে থাকা দা ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমাদের জিম্মি করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে আমাদেরকে হুমকি দিয়ে বলে,'স্বর্ণালঙ্কারসহ যা আছে দিয়ে দে, না দিলে বাচ্চাদের তুলে নিয়ে যাবো।' এতে আমরা ভয় পাই। এসময় ডাকাতরা ১৭ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১লাখ টাকা ও ফোনসহ মূল্যবান কাপড়চোপড় নিয়ে চলে যায়।”
সামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া বেগম বলেন, 'পরের দিন পাশের বাড়িতে একটি বিয়ের দাওয়াত থাকায় আমার তিন মেয়ে তাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে এখানে বেড়াতে আসে। মেয়ের স্বামী প্রবাসী। মেয়ে মুক্তা বেগমের ৭ভরি, সাদিয়ার ৭ ভরি ও ছোট মেয়ে সাথির ৩ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদল। একই সাথে নগদ ১লাখ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনসহ মূল্যবান মালামালও লুটে নেয় ওরা। লুটে নেওয়া ১৭ ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবী, মেয়েদের ভবিষ্যৎ এসব মূল্যবান সম্পদ যাতে উদ্ধার করে দেয়।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন, 'সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান।'