ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে সাইফুল ইসলামের (৫৫)নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে নিহতে স্বজন ও পুলিশ ।
শুক্রবার (৭ আগস্ট)দক্ষিণ গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের খুরশীদ মহল ব্রিজসংলগ্ন হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে নিহতের স্বজনরা।
নিহত সাইফুল ইসলাম পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারে পানিতে নামেন সাইফুল ইসলাম। পাটাতন উদ্ধারের চেষ্টা করার সময় তীব্র স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি নদীর পানিতে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা নৌকা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঔ দিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে সন্ধ্যা নেমে এলে সেদিনের অভিযান স্থগিত করা হয়।
পরদিন বৃহস্পতিবার (৬আগষ্ট)সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান ডুবুরিরা। কিন্তু সাইফুল ইসলামের কোনো সন্ধান না মেলায় উপজেলা প্রশাসন ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিকেলে সরকারি উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
সরকারি অভিযান শেষ হলেও হাল ছাড়েননি স্বজনরা।
শুক্রবার সকালে পরিবারের সদস্যসহ স্থানীয় ২০ থেকে ২৫ জন একটি ট্রলার নিয়ে ব্রহ্মপুত্রে তল্লাশি শুরু করেন। নিখোঁজের স্থল থেকে নদীর স্রোতের গতিপথ ধরে ভাটির দিকে এগিয়ে একপর্যায়ে দক্ষিণ গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদে ব্রিজসংলগ্ন হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা একটি মরদেহ দেখতে পান তারা। পরে সেটি সাইফুল ইসলামের মরদেহ বলে শনাক্ত করেন স্বজনরা। সেখান থেকে মরদেহ উদ্ধার করে নদীপথে ট্রলারে করে বাড়িতে নিয়ে আসা যায় স্বজনরা ।
নিহতের স্বজনরা জানান, সাইফুল ইসলামের বাবাও একসময় নদীতে ডুবে মারা গিয়েছিলেন। এবার একই নদী কেড়ে নিল সাইফুলকেও। বাবার পর ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, গত দুই দিন আগে ব্রহ্মপুত্র নদে নৌকার পাটাতন উদ্ধারে পানিতে নামেন প্রবল স্রোতে ভেসে যায় সাইফুল ইসলাম।গত দুই দিন ধরে নিখোঁজের সন্ধানে ডুবুরিরা অভিযান চালিয়ে তার সন্ধান পায়নি । নদীর প্রবল স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে গিয়েছিল। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার পর স্বজনদের ট্রলার নিয়ে নদীতে টহল দিতে এবং যেকোনো স্থানে মরদেহ ভেসে উঠতে পারে এমন সম্ভাবনা বিবেচনায় নদীতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল।