ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মতবিনিময় সভায় আইন মন্ত্রী

আমি চাই- শেখ হাসিনা দেশে ফিরে গণহত্যার দায়ে জেলে যান

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ বিকেল ৪:৫৬
ad003
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা বলেছেন- তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও চাই- তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে জেলে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে।’ তিনি বলেন, ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। আমার কাছে এক ধরনের সমস্যা, আপনাদের কাছে হয়তো আরেক ধরনের সমস্যা। কেউ বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, কেউ বলবেন টাউট-বাটপারদের দৌরাত্ম্য রয়েছে, আবার কেউ বলবেন কাঠামোগত দুর্বলতা আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মানবিক মূল্যবোধ-সম্পন্ন বিচারকের অভাব।’

তিনি আরো বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে, আমি সমাজের অন্য দশটি চাকরির মতো এই পেশায় আসিনি। আমি এসেছি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতা প্রদত্ত ন্যায়বিচারের দায়িত্ব পালন করতে। বিচারকরা যেদিন এই চেতনা নিয়ে বিচারকের আসনে বসবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’

আইনের দৃষ্টিতে শেখ হাসিনা একজন 
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি 

আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। আপনাদের কাছে সংকট এক রকম, আমার কাছে আরেক রকম। অনেকেই বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের।

আইন মন্ত্রী আরো বলেন, ‘অনেকে বলছেন, তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। কিন্তু সেটি ছিল রেকর্ড করা অডিও, যা নিয়ে এআই-সৃষ্ট হওয়ারও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় এক হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে বেশি কথা বলছেন, তারা একবার নিজেদের বিবেককে প্রশ্ন করুন- এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন?’

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান, স্থানীয় রাজনৈতিক নেতারা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বিবিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT