ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

author
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ সকাল ১১:৫১
ad003
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, থানা কম্পাউন্ডে বিএনপি নেতাকে মারধর, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় পদ স্থগিত করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী, ০৮ আগস্ট ২০২৬ ইং তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজাদ হোসেনের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় পদ স্থগিত থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ, থানা কম্পাউন্ডে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার্থে জেলা বিএনপি তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জেলা বিএনপির এ সিদ্ধান্তের ফলে স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় আজাদ হোসেন বিএনপির কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলে দলীয় সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক এই নেতার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে আজাদ হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT