শিল্পাঞ্চল আশুলিয়ায় মো. ইসমাইল হোসেন মোল্লা নামে বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে কাফনের কাপড়, তাজা এক রাউন্ড গুলি ও হত্যার হুমকি সম্বলিত চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন মোল্লা উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী।
আজ ( ৮ই আগস্ট) শনিবার ভোরে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৫টার দিকে নিজ বাসার প্রধান ফটকের সামনে একটি লাল রঙের বাজারের ব্যাগ দেখতে পান বিএনপি নেতা ইসমাইল মোল্লা। সন্দেহ হলে তিনি ব্যাগটি স্পর্শ না করে তৎক্ষণাৎ আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে এবং তা খুলে ভেতরে এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা বন্দুকের গুলি (বুলেট), এক বোতল আতর, এক বোতল গোলাপ জল, এক টুকরো সাবান এবং হাতে লেখা একটি হুমকিমূলক চিঠি দেখতে পায়।
ব্যাগ থেকে উদ্ধার করা সেই চিঠিতে ইসমাইল মোল্লাকে উদ্দেশ্য করে লেখা হয়, "প্রিয় ইসমাঈল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে নিজেও বুঝতে পারবেন না। কারণ এই জগতে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরেও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি— অদৃশ্য মুসাফির।"
এ ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, "সকালে ঘুম থেকে উঠে গেটে ব্যাগটি দেখতে পাই। ভেতরে কাফনের কাপড়, রক্ত হিম করা চিঠি আর গুলি দেখে আশুলিয়া থানায় খবর দিই। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড করে আসছি, এতদিন জানতাম আমার কোনো শত্রু নেই। কিন্তু এখন দেখছি শত্রুর অভাব নেই। তবে আমাকে এভাবে কাফনের কাপড় বা গুলি পাঠিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। আমি এসব হুমকিকে ভয় পাই না। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করছি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ামাত্রই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে একটি বাজারের ব্যাগ উদ্ধার করেছে। সেখান থেকে কাফনের কাপড়, গুলি, আতর, গোলাপ জল ও হুমকি সম্বলিত চিঠিটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।