টাঙ্গাইলের কালিহাতীতে মারধরের ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর কোরাইনা আলী (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার রামপুর বিলপাড়া এলাকার মৃত মধু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে বল্লা ইউনিয়নের দড়ি খরশিলা দক্ষিণপাড়া এলাকার একটি চকে জুয়া খেলার স্পটে কোরাইনা আলীকে মারধর করা হয় জুয়া খেলার বোর্ডের টাকা চাওয়া ও পূর্ববিরোধের জের ধরে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম (ধলা), রফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহী ও মো. লিটনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্বজনরা আহত কোরাইনা আলীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ৪ আগস্ট তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ৫ আগস্ট তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর শুক্রবার রাতে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ণয় ও ঘটনার সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।