ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে ছাত্রদল-শিবিরের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

author
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ দুপুর ১:৩০
ad003
সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীর ওপর হামলা এবং মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শুক্রবার (৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে শুরু হওয়া এ বিক্ষোভ চলে প্রায় এক ঘণ্টা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ছাত্রদলের নেতাকর্মীরা গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে গোবিন্দগঞ্জ পয়েন্টের বুড়াইয়া রেস্টুরেন্টের সামনে থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ছাতক-সিলেট সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের বিক্ষোভে গিয়ে যোগ দেয়।

খবর পেয়ে ছাতক থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো আইনগতভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সূত্র জানায়, এর আগে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে সৈয়দেরগাঁও ইউনিয়ন ছাত্রশিবিরের নেতা মোজাহিদ আহমদ এবং গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল হামলার শিকার হন। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার আগের দিন ছাত্রলীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছাত্রদল নেতা মাহবুব ও ইমন আহমদ অভিযোগ করেন, জাহেদ আহমদ ছাত্রলীগের নেতাকর্মীদের মদদ দিচ্ছেন। বিক্ষোভ মিছিল থেকে জাহেদের নাম উল্লেখ করেও স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে জাহেদ আহমদের মালিকানাধীন মেসার্স আমিন ভ্যারাইটিজ স্টোরে অস্ত্র রয়েছে—বিক্ষোভকারীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালায় পুলিশ। তবে তল্লাশিতে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিক্ষোভের পর নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অস্ত্র থাকার অভিযোগ পাওয়ায় সেখানে তল্লাশি চালানো হয়। তবে কোনো অস্ত্র পাওয়া যায়নি। হামলা ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT