ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে বিদায় জানাতে রোজারিওতে মেসি

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ ভোর ৪:৪০
ad003
নিজের শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। প্রিয় বাবাকে শেষ বিদায় জানানো পরিবারের পাশে থাকতেই আর্জেন্টিনায় ফিরেছেন তিনি।

বুধবার সকালে ফোর্ট লডারডেল থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ যাত্রা শেষে রাত ৮টার কিছু পর নিজের শহর রোজারিওতে পৌঁছান মেসি।

সারা ক্যারিয়ারে ছেলের পাশে থাকা হোর্হেকে শেষবারের মতো বিদায় জানাতেই দেশে ফিরেছেন মেসি। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের পাশে থাকাও তার কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মা সেলিয়ার পাশে থাকতে চেয়েছেন তিনি।

হোর্হের শেষ বিদায়ের আয়োজন রাখা হয়েছে একেবারেই পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। তবে মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রোজারিওর কবরস্থানের সামনে ভিড় করতে শুরু করেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার পরিবারের প্রতি সমর্থন জানাতে এবং হোর্হেকে শেষ শ্রদ্ধা জানাতেই সেখানে জড়ো হন তারা।

এই কঠিন সময়ে মেসি পরিবারের পাশে দাঁড়িয়েছে পুরো ফুটবল বিশ্বও। হোর্হের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে শোকবার্তা ও সমবেদনা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

হোর্হের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মেসির মায়ামিতে ফেরার কথা রয়েছে। তবে তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে কোনো চাপ দিচ্ছে না ইন্টার মায়ামি। ক্লাবটি এই কঠিন সময়ে মেসিকে পরিবারের সঙ্গে থাকার পূর্ণ সুযোগ দিয়েছে।

মেসির জীবনে হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে ছেলের ফুটবল ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে তিনি পাশে ছিলেন। মেসির সাফল্যের পেছনে নীরবে কাজ করে যাওয়া এই মানুষটি কখনোই প্রচারের আলোয় আসতে চাননি। বরং আড়ালে থেকেই ছেলেকে সাহস ও সমর্থন দিয়ে গেছেন।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT