সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পাশের বাষাটিয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-চকিয়াচাপুর গ্রামের মো. সারুয়ার মিয়ার ছেলে আব্দুল সাহাদ (৬) ও মেয়ে নাদিয়া আক্তার (৯)। আব্দুল সাহাদ শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নাদিয়া আক্তার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাহাদ ও নাদিয়া তার দুই ভাইবোন একটি ছোট নৌকা নিয়ে বাড়ির পাশের বাষাটিয়া হাওরে ঘুরতে যায়। একপর্যায়ে ছোট ভাই আব্দুল সাহাদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। পরে ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড় বোন নাদিয়া আক্তারও পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেযে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত তাদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই বোনকেই মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওইদিন সন্ধ্যায় নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।