নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে গোলাগুলির ঘটনায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে আবুল হোসেন ও ইয়াসিন আরাফাত হৃদয় নামে পিতাপুত্র 'ভুক্তভোগী পরিবার' ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, "আমাকে ও আমার ছেলে ইয়াসিন আরাফাত হৃদয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার ইন্ধনদাতা সাজিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।"
তিনি আরো বলেন, "গত ৭ আগস্ট রাতে চৌমুহনী হকার্স মার্কেটে সংগঠিত ঘটনার সিসি টিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই সশস্ত্র ব্যক্তি হোটেলের সামনে অবস্থানরত দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। এ ঘটনায় হকার্স মার্কেট সমিতির সহ-সভাপতি ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু আমার বড় ভাই আবুল কাশেম সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আমাকে এবং আমার ছেলে ইয়াসিন আরাফাত হৃদয়কে এ ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করেন। এমন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
আবুল হোসেনের দাবি, আবুল কাশেমের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি তাদের বাপ ছেলেকে নানাভাবে হয়রানি করেছেন।
সংবাদ সম্মেলনে ইয়াসিন আরাফাত হৃদয় হকার্স মার্কেটে গোলাগুলির ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।