ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পেয়ারা বাগান পরিদর্শনের সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন।
রোববার বরিশাল সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির এই পেয়ারা বাগান পরিদর্শনে যান। তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন তথ্য জানেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। এসময় রাষ্ট্রদূতের সাথে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।