ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

author
বরিশাল অফিস

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৫৫
ad003
একদিনের সফরে বরিশালে ঘুরতে এসে সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বরিশালে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বরিশাল খুব সুন্দর জায়গা। এটা বরিশালে আমার প্রথমবার। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। রোববার (০৯ আগষ্ট) বরিশাল প্রেসক্লাবের আয়োজনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। নগরীর কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ঢাকা থেকে এসে আমি ঝালকাঠির ভীমরুলের ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে। বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় আমরা আনন্দিত। ভবিষ্যতেও রাষ্ট্রদূত বারবার বরিশালে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বরিশালের কড়াপুরে ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। মসজিদের ভেতরে প্রবেশ করে এর স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন তিনি। মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।

বরিশালে আসার আগে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন। সেখানে তিনি নৌকায় করে ভাসমান বাজার পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের জীবনযাপন ও বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT