নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অগ্নিকাণ্ডে তাদের ব্যবসা ও জীবিকার ক্ষয়ক্ষতি, আর্থিক সংকট ও বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এমনকি ক্ষতিগ্রস্তদের ব্যবসা পুনঃপ্রতিষ্ঠা করে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে সম্ভাব্য সহযোগিতা ও করণীয় নিয়েও তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ব্যবসা পুনর্গঠনে সরকারি সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকারদের সঙ্গে আলোচনা করে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত ঘুরে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ব্যবসা পুনর্গঠনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন মিডিয়া সেল সূত্র।