ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও সীমান্ত সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সেখানে তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের বন্ধন অত্যন্ত দৃঢ়। এই আন্তরিকতা সরকারি পর্ষদেও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে হাইকমিশনার আরও বলেন, ‘তারেক রহমান একজন জনবান্ধব নেতা, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই প্রতিবেশী দেশের প্রধানেরা একসঙ্গে কাজ করলে বিদ্যমান আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যারই সহজ সমাধান সম্ভব।’
ভিসা দেওয়া ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী জানান, আবেদনকারীদের সুবিধার্থে খরচ কমানোসহ সেবার মান উন্নত করার জন্য একাধিক পদক্ষপ নেওয়া হচ্ছে।