ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির সাফল্যে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৩৬
ad003
এসএসসি পরীক্ষায় সাফল্যের আনন্দে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় মাঠে ড্রামের তালে গান, বিজয়ের স্লোগান ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। পরে আনন্দ র‌্যালি বের করে সাফল্য উদ্‌যাপন করে তারা।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৪ শতাংশ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। ভোকেশনাল শাখায় জিপিএ-৫ পেয়েছে আরও ছয়জন। ফল প্রকাশের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবারের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার, প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, কমিটির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানায় তারা। অনুষ্ঠানে বক্তব্য দেওয়া বক্তারাও শিক্ষার্থীদের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এবারের ফলাফল তাদের জন্য আনন্দের হলেও এখানেই থেমে গেলে চলবে না। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবাইকে ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সাত্তার বলেন, তোমরা ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। কেউ দেশের বড় কোনো প্রতিষ্ঠানে, কেউ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, মেটা, ইউটিউবসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারো। নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি যে শিক্ষাপ্রতিষ্ঠান তোমাদের গড়ে তুলেছে, সেই দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সুনামও ধরে রাখতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিভিন্ন উৎসাহব্যঞ্জক স্লোগান দেন।

প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা কোনো ধরনের অসদুপায় অবলম্বন বা নকলের আশ্রয় না নিয়ে নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ ফলাফল অর্জন করেছে। এ সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত সহযোগিতা রয়েছে। তিনি এ সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও উপস্থিত বক্তারাও উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পাশাপাশি আগামীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার এবং এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন ও অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গান, স্লোগান, শপথ ও আনন্দ র‌্যালিতে বিদ্যালয় মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

আনন্দ আয়োজন শেষে অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। আগামীতে সাফল্যের এ ধারা অব্যাহত রেখে শতভাগ পাসের হার অর্জনের লক্ষ্যে আরও পরিকল্পিত ও সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT