নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে চার মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১২ আগস্ট) সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত এগারোটার দিকে পৌর শহরের নওহাল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় মাদকসেবনরত অবস্থায় ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার এমএ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) এমএ কাদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ পৌরশহরের নওহাল গ্রামের মো. শমল মিয়া (২২), শহরের পশ্চিমপাড়া এলাকার জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), দৌলতপুর গ্রামের অনয় রায় (৩৫) ও উপজেলার খুরশিমূল এলাকার ফারুক মিয়া(৩৫)।
তাদের মধ্যে শমল মিয়াকে এক মাস, জাহেদুল ইসলাম জুয়েলকে ১৫ দিন, মো. ফারুক মিয়াকে সাত দিন এবং অনয় রায়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়।