ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

author
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৭
ad003
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনিসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উপকরণ সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত প্রত্যেক কৃষককে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি পলিথিন বিনামূল্যে দেওয়া হয়।

কৃষি অফিসের কর্মকর্তারা জানান, কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ দেওয়া হচ্ছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকরা উপকৃত হবেন এবং পেঁয়াজ উৎপাদনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উপকরণ বিতরণকালে ইউএনও রেজওয়ানা নাহিদ কৃষকদের সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার করে পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিতে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রণোদনা পাওয়া কৃষকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT