মৌলভীবাজারের রাজনগরে ধামাইছড়া সেতুর রেলিং ভেঙে চলন্ত ট্রাক ছড়ায় ছিটকে পড়েছে । এ ঘটনায় নিহত হয়েছেন ট্রাক চালক রুম্মান আহমদ (৫৪)। তার সহযোগী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ৬টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ভোজ্যতেল নিয়ে ঢাকা মেট্রো-ট গাড়ি নং ১৪৪০৮৯ ট্রাকটি মৌলভীবাজার হয়ে সিলেটের দিকে যাচ্ছিল। চলন্ত গাড়ি ধামাইপাড় সেতুতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায় ।
এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। ধারণা করা হচ্ছে, চলন্ত গাড়িতে চালকের তন্দ্রা আসায় এই ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তাদের সাথে যোগ দেয় ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। অনেক চেষ্টার পর নিহত চালক রুম্মান কে ট্রাক থেকে বের করা হয়।
নিহত রুম্মান ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোড় গ্রামের খন্দকার আব্দুল খালেক এর পুত্র।
রাজনগর থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বুধবার বেলা ৫টায় বলেন, ট্রাক চালকের মরদেহ থানায় রয়েছে। তার ছেলে থানায় এসেছেন। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে লাশ স্থানান্তর করা হবে। তিনি বলেন, খাঁদে পড়ে থাকা ট্রাক উদ্ধার করতে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে।