ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯

author
শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৯
ad003
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামে এক ধান ব্যবসায়ীর পুতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ আদিবাসীকে আটক করা হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা ঝর্ণার পাশ থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন উপজেলার জারুলতলা এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করার সময় খালের পাশ থেকে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাটিতে পুঁতে রাখা মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজের পর বিল্লালকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল।

​হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই এলাকার ওয়াসিম ম্রংসহ নারী ও পুরুষ মিলিয়ে মোট ১৯ জন আদিবাসীকে আটক করে থানায় নিয়ে গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT