প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী রোববার (১৬ আগস্ট) একদিনের সফরে কিশোরগঞ্জে আসবেন তিনি। সফরের শুরুতেই পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পাকুন্দিয়ার বিভিন্ন সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় রং করার কাজ করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, আগামী রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সেখানে আয়োজিত মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
এরপর প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। এ সময় দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত ১৪ জন উদ্যোক্তার হাতে স্বর্ণপদক বা গোল্ড মেডেল তুলে দেওয়ার কথা রয়েছে।
পরে জেলা সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতির পর প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও বই বহনের জন্য স্কুলব্যাগ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন,খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইতোমধ্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালিদ সাইফুল্লাহ সোহেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সফরের বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর দলের চেয়ারপারসন তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তার কারণে তাকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হবেন। বিষয়টি মাথায় রেখে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছি।”
সার্বিক প্রস্তুতি সম্পর্কে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী বলেন, “প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।”