গাইবান্ধার সুন্দরগঞ্জে চোরাই দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৫) এবং কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে দুটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে দুজনকে আটক করা হয়। এ সময় পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল দুটি চুরি করে আনার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। এ সময় আরও দুজন পালিয়ে যান।
উদ্ধার করা মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি হোন্ডা ব্রান্ডের হোরনেট ১৬০ সিসি এবং একটি টিভিএস ব্রান্ডের অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি। পুলিশের হিসাবে মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।