ময়মনসিংহে নিরাপদ খাদ্য আইনের মামলায় দুই নামী ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে আদালতে অনুপস্থিত থাকায় আরেকটি নকল তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিশুদ্ধ খাদ্য আদালত) এই আদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরে শামসুল ইসলাম রমিজের দায়ের করা নিরাপদ খাদ্য আইনের মামলায় বিজ্ঞ বিচারক এই আদেশ দেন। আদেশে ভালুকা উপজেলার মিষ্টির দোকান ‘রসের মিষ্টি’র মালিক মোঃ এনামুল হককে ৪ লাখ টাকা এবং ‘ধামরাই হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর মালিক স্ত্রী হেমন্তকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
আদেশে বলা হয়েছে, দণ্ডিত এই দুই ব্যবসায়ীকে আগামী এক মাসের মধ্যে নির্ধারিত তারিখে জরিমানার টাকা আদালতে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
এদিকে, মামলার অপর আসামি ‘নকল তেল রজনী’র মালিক মোহাম্মদ পলাশ আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।