ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে একলাফে ৯ জনের শরীরে করোনা শনাক্ত

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:৪১
ad003
চট্টগ্রাম ব্যুরো 

চট্টগ্রামে একদিনেই একলাফে ৯ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। 

এ নিয়ে গত ১০ দিনে চট্টগ্রামে সরকারিভাবে ১৮ জনের করোনা পাওয়া গেছে। রবিবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে বলা হয়, চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি এক জন উপজেলার। উপজেলার শনাক্ত হওয়া রোগী পটিয়ার বাসিন্দা। 

এর আগে গত ৪ জুন চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্তের পর প্রতিদিন গড়ে এক জন করে করোনা শনাক্তের কথা জানানো হয়। কিন্তু গত ২৪ ঘন্টায় এক লাফে ৯ জনের শরীরে করোনা শনাক্তের কথা জানায় সিভিল সার্জন কর্তৃপক্ষ। 

এছাড়া গত ৪ জুন ৩ জন, ৬ জুন ২ জন, ৯ জুন একজন, ১২ জুন একজন ও ১৪ জুন ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। আক্রান্ত নয়জনের মধ্যে পুরুষ চার জন, নারী পাঁচজন। এদের মধ্যে ৭ জন নগরের বাসিন্দা, ২ জন উপজেলার বাসিন্দা। 

তবে ৬ জন করোনা আক্রান্ত রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন। তিনি বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। তবে মূল লক্ষ্য হচ্ছে যাতে কেউ আক্রান্ত না হয়। এজন্য জনসাধারণকে ভিড় এড়াতে ও মাস্ক ব্যবহার করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। 

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হচ্ছে যেখানে সাধারণ মানুষ করোনা সম্পর্কে তথ্য ও সেবা পাচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর দুই বছরের মধ্যে চট্টগ্রামে ১ লাখ ২৯ হাজার ৫১৭ জন করোনা রোগীর চিকিৎসা হয়েছে। প্রাণহানি হয়েছে ১ হাজার ৩৭০ জনের। সম্প্রতি নতুন আক্রান্ত শনাক্ত হলেও প্রাণহানি ঘটেনি এখনও। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT