চট্টগ্রাম ব্যুরো
ব্যক্তিগত উদ্যোগে বিমানের পর ড্রোন তৈরি করে আকাশে উড়িয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বন্দরনগরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার ড্রোন নির্মাতা যুবক মোহাম্মদ আশির উদ্দিন।
তারেক রহমানের নির্দেশনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামে আসছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় বাঁশখালীর পশ্চিম পুইছড়ি ২ নম্বর ওয়ার্ড ইজ্জতিয়া স্কুলের সামনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক স¤পাদক ব্যারিস্টার মীর হেলাল।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধিদলটি চট্টগ্রাম আসছে। তাদের বরণে দলের স্থানীয় নেতাকর্মীরা নানা প্রস্তুতি নিচ্ছেন।
তিনি জানান, প্রতিনিধিদলে উপস্থিত থাকবেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক স¤পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ এবং দলের স্থানীয় নেতাকর্মীরা।
ড্রোন নির্মাতা যুবক আশির উদ্দিনের বাড়ি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে। সরকারি পলিটেকনিক কলেজ থেকে তিনি ডিপ্লোমা পাস করেছেন। গ্রামে তার এয়ারক্রাফট মেনটেইন্যান্স ল্যাব নামের ১৫ বর্গফুট আয়তনের একটি ল্যাব আছে।
২০১৬ সাল থেকে শুরু করে বিমানের প্রায় ৬ শতাধিক মডেল তৈরি করেছিলেন তরুণ আশির উদ্দিন। এজন্য সামরিক বাহিনী তাকে সংবর্ধনা ও সম্মানি দেয়। তিনি এরই মধ্যে বানিয়েছেন বিভিন্ন মডেলের ১০টি ড্রোন।
১০ কেজি ওজনের একটি ড্রোনের দাম মানভেদে ৩ থেকে ৪ লাখ টাকা। সর্বোচ্চ ২০ কেজি ওজনের ড্রোন ৬ লাখ টাকায় বিক্রি করেন। একটি ড্রোন তৈরিতে ৬ জনের টিমের ১০ থেকে ১৫ দিন সময় লাগে বলে জানান আশির উদ্দিন।