ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে ঝাঁপ দেওয়ার ৩ দিন পর মা জেসমিন বেগমের(৩৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নাম্বর ওয়ার্ড সংলগ্ন নদীর শিকদার চর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জেসমিন বেগম উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. জসিমের প্রথম স্ত্রী। জসিম তার দ্বিতীয় স্ত্রীর সাথে ঢাকায় থাকতেন। জেসমিন তার দুই প্রতিবন্ধী সন্তান তানজিল (১৭) ও তিশা (১৪) কে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) পড়ে গেলে তাকে বাঁচাতে নদীতে ঝাপ দেন জেসমিন।
স্থানীয় জয়নাল আবেদীন তানজিলকে উদ্ধার করলেও জেসমিন স্রোতের টানে তলিয়ে যান।
গত তিন দিন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তেঁতুলিয়া নদীতে তল্লাশি চালিয়েও তার লাশ উদ্ধার করতে পারেনি।
লাশ উদ্ধারের পর জেসমিনের মা কহিনুর ও ভাই মহিউদ্দিন জেসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
হাকিমউদ্দিন নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মজিবুর রহমান মল্লিক জানান, লাশ ময়না তদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।