ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর অবশেষে অস্ত্রধারী বিএনপি নেতা গ্রেফতার

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ সকাল ৭:১২
ad003
সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী সেই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহজাহান ভূঁইয়া। তিনি সাদিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

গতকাল রোববার রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুরে এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। একপর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়।

এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়ার বন্দুক হাতে তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, অস্ত্রধারী বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লাইসেন্স করা তার বন্দুকটি জব্দ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT