চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৮০ বছর এবং নারীর বয়স ৯৫ বছর। তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ছয়জনের মৃত্যু হলো। সোমবার (২৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কাজী আব্দুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)।
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাবেয়া খাতুন। নোয়াখালী জেলায় কো¤পানিগঞ্জ উপজেলার বাড়ি হলেও আব্দুল আউয়াল ছিলেন চট্টগ্রামের কোতোয়ালী থানার বাসিন্দা।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা করোনায় আক্রান্ত হন বলে জানান জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে গত ২৪ ঘণ্টায় নগরীর মোট ১২টি ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৮ জন করোনায় আক্রান্ত হলেন আর ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা। মৃত ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার।