বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বর্তমান সময়ে বেশীরভাগ মসজিদেই ইমামের ইমামতি দীর্ঘস্থায়ী হয়না। প্রায়ই দেখা যায় সভাপতি বা সেক্রেটারী বা ক্যাশিয়ারের কথার অবাধ্য হলেই চাকুরী নড়বড়ে হয়ে যায়। তবে সবার ক্ষেত্রে নয়। এমনও মসজিদ আছে যেখানে ইমামদের চাকুরী যুগযুগ ধরে বহাল থাকে। তাদের মধ্যে একজন হাফেজ মাওলানা মোঃ আবুল কাশেম। যিনি বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের কামরাব কুচিয়ামোড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। যিনি আরবী লেখাপড়া শেষ করেই অবিবাহিত জীবনে অত্র মসজিদে ইমামতির চাকুরী নেন। সুদীর্ঘ ৪৫ বছর চাকুরী জীবনে ১৩ জুন শুক্রবার জুমআ নামাজ আদায়ের মাধ্যমে ইমামতির চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। সমাজবাসী তাকে পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি সহ ৬ মাসের অগ্রীম বেতন দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে পার্শ্ববর্তী এলাকার কাজহরদীতে তার বাড়ি পর্যন্ত পৌছে দিয়েছেন।
এ বিষয়ে হাফেজ আবুল কাশেম বলেন, দীর্ঘ ৪৫ বছর অত্র মসজিদে চাকুরী করার সুবাদে আমি সমাজবাসীর পক্ষ থেকে যে মূল্যায়ণ পেয়েছি তা ভুলবার নয়। দোয়া করি মহান আল্লাহপাক যেন সবাইকে ভালো রাখেন।
অত্র মসজিদের সভাপতি নজরুল ইসলাম বলেন, যেই ইমামকে বিদায় জানাচ্ছি তিনি আমার শিক্ষক। তার অসংখ্য ছাত্র আছে যারা আজ দেশের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক, সচিব থেকে শুরু করে অসংখ্য আলেম, মাওলানা, মুফতি উনার ছাত্র। আমরা দোয়া করি মহান আল্লাহপাক যেন ওনাকে সুস্থ্যতার সহিত দীর্ঘ হায়াৎ নসীব করেন।
এসময় অত্র মসজিদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি তাওলাদ হোসেন, কোষাধ্যক্ষ সামসুদ্দোহা সহ মসজিদ কমিটি ও অসংখ্য মুসল্লীরা উপস্থিত ছিলেন।