ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ ভিসায় নতুন নিয়ম চালু করল সৌদি আরব

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ভোর ৪:১৮
ad003
সৌদি আরব ওমরাহ ভিসায় নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাসের পরিবর্তে এক মাস থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাস বহাল থাকছে। অর্থাৎ, নির্ধারিত এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করলে হাজিরা সেখানে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন।

নতুন নিয়মে বলা হয়েছে, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষে আবহাওয়া শীতল হয়ে আসায় আসন্ন মৌসুমে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরবে আগমন করবেন বলে আশা করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যে রেকর্ডসংখ্যক হাজি সৌদি আরবে পৌঁছেছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার মিলিয়নেরও বেশি বিদেশি মুসলমান ওমরাহ পালন করেছেন, যা আগের পুরো মৌসুমের তুলনায়ও বেশি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT