বরগুনার পাথরঘাটায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে টাকা ছিনতাইয়ের ঘটনার শিকার হয়েছেন পাথরঘাটা বাজারের তিন গার্মেন্টস ব্যবসায়ী। এ সময় তাদের সাথে বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা ও বটতলা এলাকার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পাথরঘাটা বাজারের চৌধুরী ফ্যাশন-১ এর স্বত্বাধিকারী শাহ আলম চৌধুরী (৫৫) ও তার দুই ছেলে চৌধুরী ফ্যাশন-২ এর স্বত্বাধিকারী রাজিব চৌধুরী (৩০) ও সজিব চৌধুরী (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান।
আহত রাজিব চৌধুরী জানান, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমার বাবা ও ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। আমড়াতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন লোক এসে আমাদের পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এসময় আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। তখন আমাদের সাথে থাকা টাকা ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তা না দিলে আমাদের বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন আমাদের উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলটি তুলনামূলকভাবে নির্জন হওয়ায় দুর্বৃত্তরা সহজেই হামলার সুযোগ পেয়েছে। সম্প্রতি ওই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলেও তারা অভিযোগ করেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদ বললেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।