যাযাদি ডেস্ক
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব (এনবিআর) ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে জাতীয় রাজস্ব বোর্ডে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না।
বৃহস্পতিবার (২৬ জুন) এনবিআরের সদস্য খালিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
একাধিক কর্মকর্তা জানান, দুপুর ১২টার দিকে রাজস্ব ভবনের দুই গেটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়। তারা রাজস্ব ভবনে ঢোকা ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছেন। সেবাপ্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে ও বের হতে পারছেন না।
চেয়ারম্যানের অপসারণ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তারা।
আজও রাজস্ব ভবনে সমবেত ও কলমবিরতি কর্মসূচি করছেন তারা।
কর্মকর্তাদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এদিকে, বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে ২৮ জুন থেকে (শনিবার) ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সারা দেশ থেকে রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারীদের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে।