ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে অভিভাবকের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ২:০৩
ad003
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষার্থী দিয়ে বিদ্যালয়ে ঝাড়– দেওয়ার প্রতিবাদ করায় আনোয়ার হোসেন নামে এক অভিভাবকের ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষক সহ তিন শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার মদনের চর পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল বাসেদ, নুরুজ্জামান , শফিকুল ইসলাম, মজনু মিয়া, সুরুজ আলী, আরমান সরকার ও খালেদা বেগম প্রমুখ। 

এসময় বক্তারা শিক্ষার্থী অভিভাবক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ, শিক্ষক নুর মোহাম্মদ ও সোলায়মান হোসেনকে শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

এর আগে গত ২৫ জুন মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দিয়ে বিদ্যালয়ে ঝাড়– দিতে বলেন প্রধান শিক্ষক শফিউল্লাহ। শিক্ষার্থী দিয়ে বিদ্যালয় ঝাড়– দেওয়ার প্রতিবাদ জানান ওই শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার হোসেন।

এনিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আনোয়ার হোসেনের বাগবিতন্ডা হলে প্রধান শিক্ষক শফিউল্লাহ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক নুর মোহাম্মদ ও সোলায়মান হোসেনের সহযোগিতায় আনোয়ার হোসেনকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আনোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আনোয়ার হোসেন সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

এঘটনার পর থেকে মদনের চর পশ্চিম পাড়া এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

অভিভাবকের ওপর হামলার বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিউল্লাহর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি এবং সোমবার বিদ্যালয়ে গিয়েও অভিযুক্ত কোন শিক্ষককে পাওয়া যায় নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT