ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলী ও তালতলীর বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ দুপুর ৩:১১
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির এবং তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে আমতলী ও তালতলীতে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে ও মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ জানুয়ারি দলীয় অভ্যন্তরীণ ষড়যন্ত্রের জেরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপি জালাল উদ্দিন ফকিরকে বহিষ্কার করেছিল। এ ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বহিষ্কৃত হয়েও জালাল উদ্দিন ফকির সরকারের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন।

এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব উল আলম মৃধা বলেন, বিএনপির পরীক্ষিত নেতা জালাল উদ্দিন ফকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমরা কৃতজ্ঞ। এর ফলে উপজেলা বিএনপি আরও গতিশীল হবে।

অন্যদিকে, তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় বহিষ্কৃত হন। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাব।

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের কিছু কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের বিভ্রান্ত করেছিল। এখন তারা বাস্তবতা বুঝতে পেরেছেন। আমি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের জন্য কাজ করে যাব।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT