বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল এর ৪র্থ ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট প্যারেড ২০২৫ সম্পন্ন হয়েছে।
আজ রোববার (৩০ নভেম্বর) সকালে বরিশাল মেরিন একাডেমি মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের অভিবাধন গ্রহন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান, বিএন এর সভাপতিত্বে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, আমরা জানি, একজন মেরিন অফিসার প্রায় ৫০ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। সুতরাং, মেরিটাইম পেশাকে আরও জনপ্রিয় করা এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট। সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি এই মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়েছি। এই খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণে আমি দৃঢ প্রতিজ্ঞ।
আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে আমাদের পাঁচটি মেরিন একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের মেরিনাররা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে কর্মরত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরাসরি অবদান রাখছে।
ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সকল বিষয়ে সর্বোচ্চমান অর্জনকারী ক্যাডেট হিসেবে মেরিন নটিক্যাল বিভাগের ক্যাডেট সোহান ভূইয়া কমান্ড্যান্ট স্বর্ণ পদক, নটিক্যাল বিভাগ হতে ক্যাডেট মোঃ ফরহাদ হাসান এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট রিয়ান আহমেদ কমান্ড্যান্ট রৌপ্য পদক প্রাপ্ত হন। শেষে প্রধান অতিথি উপস্থিত পাসিং আউট ক্যাডেটদের সাথে নিয়ে ‘পাসিং আউট কেক’ কাটেন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর বরিশাল একাডেমির নটিক্যাল বিভাগে ৩০ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩১ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করেন।