ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

author
Editor

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ সকাল ৬:০৪
ad003
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের  সকল শহীদ ও আহতের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জু্ম্মার নামাজ শেষে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোখলেছুর রহমান সুইট, সহ–সমন্বয়কবৃন্দ, শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ প্রমুখ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোখলেছুর রহমান সুইট বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। আমরা সব সময় শহীদদের স্মরণ করি, তাঁদের আত্মত্যাগ মনে রাখি। আজ তাঁদের কারণেই আমরা স্বাধীনভাবে হাঁটতে ও চলতে পারছি। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা কাজ করে যাব, আহতদের পাশেও থাকবো। যতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের শহীদ ভাই–বোন ও আহতদের জন্য দোয়া করে যাব। আমরা তাঁদের কখনো ভুলবো না।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌ বলেন, “শহীদদের রক্তের ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারবো না। আমরা তাঁদের ঋণ পরিশোধ করবো তাঁদের মাগফিরাত কামনা করে। তাঁরা জালিমের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করেছেন। শহীদদের কোনো দল, মত ছিল না। তাঁরা জালিম মুক্ত করে দেশকে রক্ষা করতে শহীদ হয়েছিলেন। ৫ই আগস্টের পর গোটা জাতি যে আনন্দ করেছে, বিশেষ করে ছাত্রসমাজ সেটি ভুলবার নয়। এ দেশকে মুক্ত করতে যারা শহীদ হয়েছে এবং নিজেদের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ হারিয়েছে, আমরা আজীবন তাঁদের জন্য দোয়া করে যাব।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT