বিমানে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন ৮০ ও ৯০ দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারি। বিমান উড্ডয়নে ৯ ঘণ্টা বিলম্ব হয়েছিল এবং খাবার পরিবেশনের কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। এ অবস্থায় বিমান কর্তৃপক্ষ থেকে কোনো চিকিৎসা পাননি। যা নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী নীলম।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী নীলম সোশ্যাল মিডিয়ায় এয়ারলাইন্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সেই তীক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ক্ষোভের সঙ্গে নিজের হতাশাও প্রকাশ করেছেন।
এ অভিনেত্রী লিখেছেন, ‘সম্প্রতি টরন্টো থেকে মুম্বাই যাওয়ার সময় বিমানে যে আচরণ করা হয়েছে, তাতে ভীষণ হতাশ আমি। আমার ফ্লাইটটি শুধু ৯ ঘণ্টার বেশি সময় বিলম্বই হয়নি, বরং আমি বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম। খাবার দেয়ার পর জ্ঞান হারিয়ে ফেলি।’
তিনি লিখেছেন, ‘এ অবস্থায় একজন সহযাত্রী আমাকে আমার আসনে পৌঁছাতে সহায়তা করার পরও আপনার ক্রুদের কাছ থেকে কোনো ফলো-আপ যত্ন বা একটিবারের জন্যও চেক-ইন পাইনি। আমি আপনার গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। এ ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। দয়া করে জরুরিভাবে বিষয়টি সমাধান করুন।’
এই তারকার পোস্ট দৃষ্টি কেড়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষের। জবাবে প্রতিষ্ঠানটির কর্তপক্ষ জানিয়েছে, ‘নীলম, আপনার এটি জেনে আমরা দুঃখিত। অনুগ্রহ করে ডিএম’র মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সহায়তা করুন। ধন্যবাদ।’
প্রসঙ্গত, ৮০ ও ৯০ দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় তারকাদের একজন নীলম। ১৯৮৫ সালে ইন্ডাস্ট্রিতে অভিষেকের পর পরবর্তী তিন দশকে ৩০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘হাম সাথ সাথ হ্যায়’র মতো সুপারহিট সিনেমা। নব্বইয়ের দশকের শেষ দিকে ব্যবসার দিকে মনোযোগ দেন তিনি।