ধনঞ্জয় সাহা
তীর্থ ছিলো আমার মনে ছবির মতো মেলা
চোখের সাথে মনের মিলন
হৃদয় বানে বাক্য বাঁধন কবির হোলি খেলা।
চাইনি আমি খাট পালঙ্ক মোতি সোনার তাগা
ঠাণ্ডা বাতাস নাই বা ছিলো, দিতে পারতে
তালের পাখা, টিন চেয়ারে একটু বসার জা'গা।
ঘিয়ের প্রদীপ লাল গালিচার ছিলো না প্রত্যাশা
বেলি ফুলের মালা চাইনি
পারতে দিতে বাগান পোড়া হলুদ গাদা
মুক্ত মনের এক লহমা একটু হাসির ছিটকে ভালোবাসা।
দিলাম পাড়ি হাজার খাড়ি ছন্ন ছাড়া আশায়-আশায়
জঠর টানে অন্ধ আমি ইচ্ছে ছিলো বলবো সাজে
সুজন পাড়ে ভিড়ের মাঝে আমার মায়ের মিষ্ট ভাষায়
বলে কবি চলে এলে ডাকল কে যে পিছে আবার
বসতে হবে সবুজ ঘাসে লাল গালিচায়
খেতে হবে পাটি পেতে সোনার পাতে ব্রীক লেনের খাবার।
জনে-বসনে পাটাতনে রইলো মনে শুভ্র আশা
লেখার মাঝে লুকিয়ে রাখি সাদা বেলির কঙ্ক মালা
ভাষা তুমি থেকো সুখে - তোমার জন্য রেখে গেলাম
ভোরের বাতাস হলুদ গাঁদার গন্ধে-সতেজ বরনডালা।