ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ প্রদীপের মৃত্যু

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ রাত ১১:২৭
ad003
যাযাদি ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে প্রদীপ বৈদ্য নামে বাংলাদেশি এক তরুণকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  শনিবার (৩১ মে) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জয়নুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে প্রদীপ নিহত হওয়ার ঘটনাটি আমরা আজ জেনেছি। নিহত প্রদীপ বৈদ্য শৈলেন্দ্র বৈদ্যর ছেলে। তাদের গ্রামের বাড়ি দত্তগ্রাম।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যা থেকে প্রদীপ নিখোঁজ ছিলেন। অনেক রাত পর্যন্ত তার আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করেছেন। কিন্তু তার সন্ধান পায়নি। আজ রোববার আমরা খবর পাই যে, বিএসএফের গুলিতে প্রদীপ মারা গেছেন।

পরিবারের বরাত দিয়ে জয়নুল বলেন, পরিবারটি খুবই গরিব। এর মধ্যে প্রদীপের পিতা খুবই অসুস্থ। একমাত্র প্রদীপের উপার্জনেই তাদের সংসার চলতো। আমাদের ধারণা, কোনো চক্রের খপ্পরে পড়ে সীমান্তের ওপারে গিয়ে বিএসএফের গুলিতে মারা গিয়ে থাকতে পারেন প্রদীপ।

রোববার (১ জুন) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার বলেন, গণমাধ্যমেই আমি বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে আমার কাছে কোনো দাপ্তরিক চিঠি বা অফিসিয়াল ডকুমেন্ট আসেনি।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, কীভাবে এই বাংলাদেশি ওখানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন তা জানা যায়নি। তবে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে বিএসএফ জানিয়েছে।

বিএসএফের সঙ্গে আলোচনা শেষে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে বলে জানান বিজিবির অধিনায়ক।  
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT