ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, হাত বোমা ও গাঁজাসহ মো: জুয়েল (২৫) নামে ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তি চরভেদুরিয়া ব্যাংকের হাট এলাকার হানিফ বেপারির ছেলে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ৫টি হাত বোমা এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বিভিন্ন মাদক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো।
জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।