ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে কলেজ ছাত্র সিয়াম হত্যা মামলার আসামি শুভ লালমনিরহাট থেকে গ্রেপ্তার

author
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২ জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩
ad003
পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম (১৭) হত্যার ঘটনায় শুভ সিকদার (১৮) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শুভ মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী গ্রামের মোঃ জালাল সিকদারের ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৩ রংপুরের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল। এরপর ২৩ ডিসেম্বর দুপুরে সিয়াম তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে যায়। সেখানে অভিযুক্তরা তাদের গতিরোধ করে এবং তর্কের একপর্যায়ে লাঠি দিয়ে সিয়াম ও মামুনের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। সিয়াম গুরুতর আহত হলে হামলাকারীরা নিজেদের মোটরসাইকেলে করে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। ওইদিন বিকেল পৌনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পিতা মো. জুয়েল তালুকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

​র‌্যাব ও পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর আগে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে মো. রাইয়ান ও মো. রাশেদ নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সবশেষ বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থেকে শুভকে গ্রেপ্তার করা হয়। তাকে আইনগত পদক্ষেপের জন্য রংপুর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "আমাদের একটি টিম ইতোমধ্যে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামীকাল নাগাদ আসামিকে থানায় নিয়ে আসা সম্ভব হবে।"

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT