ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা: পালালেন স্বামী

author
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জানুয়ারি, ২০২৬ সকাল ৬:২৪
ad003
পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। 

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কুলসুম দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার গাজীর মেয়ে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইমন (২৫) পলাতক রয়েছেন। সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে কুলসুম আক্তার তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার দিন রাতে তারা ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন উপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে উধাও।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে। ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে।

স্বজনরা জানান, সাইমনের সাথে এটি কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল। কুলসুমের ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে। ঘাতক স্বামী সাইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT