ভোলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদর থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। দুপুর ৩ টার মধ্যেই প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা করে গেছেন।
বুধবার সকাল ১১ টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভোলা-১ আসনের ১১৪টি কেন্দ্রের ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। দুপুর ৩ টার মধ্যেই প্রিজাইডিং অফিসারগণ মালামাল নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা করে গেছে। একই সময়ে ভোলা-০২ আসনের ব্যালপ পেপার ও অন্যান্য সরঞ্জাাদি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে, ভোলা-০৩ আসনের সরঞ্জামাদি লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে এবং ভোলা-৪ আসনের সরঞ্জামাদি চরফ্যাসন ও মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হয়েছে। যা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ দায়িত্বে কেন্দ্রে নিয়ে গেছেন।
এদিকে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫২৫টি কেন্দ্রের মধ্যে ১৩১ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এর মধ্যে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী চরে ৪৩টি কেন্দ্র রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অবাদ করার জন্য মোট ১০ হাজার ১শ’ আইন শৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ ও আনসারসহ ১৩ জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নৌবাহিনী, কোস্টকার্ড, বিজিবি টহল টিম সার্বক্ষণিক নজরদারীতে রয়েছে।